গাজীপুরে প্রায় সাড়ে চার হাজার ফুট গ্যাস লাইন ও চার শতাধিক বাড়ির অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার দিনব্যাপী গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ও গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের প্রায় চার হাজার ফুট গ্যাস পাইপ লাইনের সংযোগস্থল থেকে অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে চার শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদসহ তিতাস গ্যাস ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।