কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে শুক্রবার সকালে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। উপজেলার দমদমা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। সকালে উপজেলার দমদমা সীমান্তের এক হাজার ২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন বাবুল। এ সময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পর দমদমা সীমান্তের বিজিবি’র সহায়তায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।