জয়সেনা-গাজিরহাট সড়কে ভাঙন যাতায়াতে দুর্ভোগ

একটানা গত কয়েক দিনের প্রবল বর্ষণে তেরখাদা উপজেলার জনগুরুত্বপূর্ণ জয়সেনা-গাজীরহাট সড়কের জয়সেনা এলাকাসহ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। চিত্রা খাল খননে সতর্কতা অবলম্বন না করায় এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে এলজিইডি দপ্তর।
 
সড়কের  কয়েকটি স্থানে ভাঙন ধরায় চলাচলে ঝুঁকি বাড়ছে। এর মধ্যে তিনটি স্পটে খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়নি আজো। আদৌ কবে ব্যবস্থা নেয়া হবে, তাও কেউ জানে না। বিষয়টি জানতে পেরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরেজমিনে যান। সড়কের দুটি স্থানে প্রায় ১০০ ফুটেরও বেশি জায়গা চিত্রা খালে বিলীন হয়ে গেছে। আরো ১০০ ফুট জায়গাজুড়ে সড়কে ফাটল দেখা দিয়েছে।  জয়সেনা-গাজিরহাট সড়কের এই অংশের পাকাকরণের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। এ সড়ক দিয়ে জনসাধারণ সহজেই যাতায়াত করছিল। হঠাত্ করে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়ায় চলাচলে ঝুঁকি বাড়ছে। সড়ক নির্মাণের সময় সড়কের কোনো স্থানে পাইলিং বরাদ্দ না থাকায় ঠিকাদার পাইলিং ছাড়াই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করেন। সে কারণে সড়কটি গভীর খালের পাশে ভারসাম্য রক্ষা করতে পারছে না।
 
ইত্তেফাক/এ এন