প্রায় ৮ বছর পর যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কেসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার চার্জ গঠন করেছেন খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। গত বৃহস্পতিবার মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৫ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হলো। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলী শিকদার, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ, একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ এবং সুমন হোসেন ওরফে রাজু।
আদালতসূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরীর মুসলমানপাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল বিথার।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী সাব্বির আহমেদ জানান, গত সপ্তাহে বাদীপক্ষ উচ্চ আদালতে তাদের রিভিউ আবেদন তুলে নেওয়ার কথা জানান। গত বৃহস্পতিবার আসামি আনিসুর রহমান পপলুর নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। দীর্ঘ শুনানিশেষে আদালত আসামির আবেদন নাকচ করে দেন এবং জীবিত ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তিনি জানান, সর্বশেষ চার্জশিটে এই মামলার আসামি ছিল ৭ জন। এর মধ্যে মাসুদ রানা নামের একজনকে ২০১৪ সালের ৩০ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। বাকি ৬ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে এবং ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।