নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকহামলায় নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে সে দেশের আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘হাকা নাচ’ আয়োজন করছে দেশটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। যুদ্ধের প্রতিপক্ষকে সতর্ক করতে এ নাচের উত্পত্তি হলেও এর রয়েছে ভিন্নধর্মী আবেদনও। এবার সন্ত্রাসী হামলায় নিহত মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হচ্ছে হাকা নাচের।
হাকা এক ধরনের দলীয় নাচ; যেখানে ছন্দের তালে হাত-পা নাড়ানো, উচ্চ শব্দ করা এবং চোখ ঘোরানো হয়। নিউজিল্যান্ডের বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর হাকা নাচে আছে ভিন্নতা। উপলক্ষের ওপর নির্ভর করে হাকা নাচেরও রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। সময়ের সাথে সাথে নাচটিরও এসেছে নানা সংযোজন। নিউজিল্যান্ডের প্রায় সব শিশু স্কুলে হাকা শিখে। মাওরি কাউন্সিল অব নিউজিল্যান্ডের পরিচালক ম্যাথিউ কুকাকি বলেন, ঐতিহ্যগতভাবে হাকা একটি যুদ্ধ নাচ হলেও এর অন্তর্নিহিত তাত্পর্য বদলে গেছে। এখন এর আরেকটি অর্থ শ্রদ্ধা জানানো।
সম্প্রতি বিভিন্ন উপলক্ষে নিউজিল্যান্ডে হাকা নাচের আয়োজন করা হচ্ছিল। মাওরি কাউন্সিলের সদস্য দোন্না হল বলেন, সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে হাকা নাচ আয়োজনে আমি অবাক হইনি। এটি নিহতদের ব্যাপারে একটি আত্মিক প্রতিক্রিয়া। সম্মিলিতভাবে নিউজিল্যান্ডবাসীর এ প্রতিক্রিয়া দেখানো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে ভাইরাল হওয়া হাকা নাচের এ আয়োজনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমা নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪৯ মুসলিম নিহত হয়। এ সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়। তারই জের ধরে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছেন ক্রাইস্টচার্চবাসী। এরই মধ্যে এ ঘটনায় দেশটির অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন। এ দিকে হামলায় প্রধান অভিযুক্ত ব্রেন্টন ট্যারান্টকে ২০ দিনের রিমান্ডে দিয়েছেন দেশটির আদালত।