নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের হিজাব পরা ছবিটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টির পর এবার দেশটির এক নারী পুলিশ কর্মকর্তার ছবিও গোটা বিশ্বের নজর কেড়েছে। তার নাম মাইকেল ইভান। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক কবরস্থানের বাইরে শক্ত চেহারায় রাইফেল হাতে পাহারায় থাকতে দেখা যায় ওই নারী পুলিশ কর্মকর্তাকে। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।
ছবিতে দেখা যায়, মাথায় হিজাব, বুকে গোলাপ আর হাতে একটি আধা-স্বয়ংক্রীয় বুশমাস্টার রাইফেল। এই তিনের মিশ্রণে তার চেহারায় গম্ভীরতা, সম্মান ও সুরক্ষার চিত্র ফুটে উঠেছে। মসজিদে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ওইদিন অনেকেই ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক কবরস্থানে আসেন। এ সময় কবরস্থানের গেটে পাহারারত পুলিশ কর্মকর্তা ইভানের ছবিটি তোলেন আলোকচিত্রী অ্যাল্ডেন উইলিয়ামস। উইলিয়ামস বলেন, ওই নারী পুলিশ কর্মকর্তার চোখে-মুখে গম্ভীরতা, সম্মান ও সুরক্ষা- এই তিনটির মিশ্রণ ফুটে উঠেছে। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে পুলিশদের ছবি তুলছি। কিন্তু হিজাব, রাইফেল আর গোলাপের এতো দারুণ মিশ্রণ আগে কখনো দেখিনি। এমনকি তিনি যদি এই তিনটির ভেতর যে কোনো একটিও পরে থাকতেন তারপরও ব্যাপারটা অন্য রকম হতে পারতো বলে উল্লেখ করেন এই আলোকচিত্রী।