মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে সোনাতলায় এক মাদ্রাসা ছাত্রী দাখিল পরীক্ষার ফরম পূরণ করা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোনাতলা উপজেলা সদরে অবস্থিত ফজিলা শরীফ দাখিল বালিকা মাদ্রাসার ছাত্রী মোছাঃ মামুনী খাতুন পৌর সদরের গড়ফতেপুর গ্রামের মোঃ মাহফুজার আকন্দের মেয়ে।
মাহফুজার আকন্দ জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে ফজিলা শরীফ দাখিল বালিকা মাদ্রাসা থেকে আমার মেয়ের নাম রেজিস্ট্রেশন না হওয়ায় প্রিন্ট আউটে নাম অন্তর্ভুক্ত হয়নি। তাদের ভুলের কারণে মেয়েটি ২০১৯ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি বিধায় দাখিল পরীক্ষা দেয়া ভাগ্যে হলো না।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোছাঃ শামীমা ও শিক্ষক বদরুল ইসলাম জানান, ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনের জন্য কম্পিউটারে কাজ করতে ভুলবশতঃ মামুনী খাতুনের নাম ভোলা দাখিল মাদ্রাসার প্রিন্টআউটে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তা সংশোধনের জন্য চেষ্টা করেও কোনো কাজ হয়নি। এজন্য তার ফরম পূরণ ও ২০১৯ সালে দাখিল পরীক্ষা দেয়া সম্ভব হলো না। ২০২০ সালে দাখিল পরীক্ষা দেয়ার জন্য তার যাবতীয় কাজ ও অর্থ ব্যয় মাদ্রাসা থেকে বহন করা হবে।