নাসিরনগরে সব প্রার্থীই আওয়ামী লীগের

আগামী ৩১ মার্চ নাসিরনগর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচারণা। নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীই আওয়ামী লীগের।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্ঘুম প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, অফিসপাড়া, রাস্তা, বিভিন্ন হাটে-বাজারে, স্কুল মাঠে সর্বত্র চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় পার্টি অংশ না নেওয়ায় কোনো ধরনের আমেজ নেই বললেই চলে।

নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ দলীয় মনোনয়ন পেয়েছেন। তার নৌকা প্রতীকের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে লড়ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নৌকা ও আনারসের মধ্যে লড়াই হবে।

আওয়ামী লীগ প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ৪৬ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। কখনো নির্বাচনে প্রার্থী হতে চাইনি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে নৌকার মাঝি হয়েছি। তাই বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার সাথে উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ডের আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

বিদ্রোহী প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছি। দলের নেতা-কর্মীরা আমার সাথে রয়েছেন বলে তিনি দাবি করেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে সৈয়দ ফয়েজ আহমেদ চিশতি, তালা প্রতীকে অরুণ জ্যোতি ভট্টাচার্য ও টিউবওয়েল প্রতীকে স্বরজিদ দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না ও কলস প্রতীকে প্রভাষক রুবিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।