দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সাতক্ষীরা:সাতক্ষীরার তুজুলপুরে বুধবার রাতে একটি পরিবহনের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলার তুজুলপুর এলাকার আখড়াখোলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পরিবহনসহ তার ড্রাইভার ও হেলপারকে আটক করেছে। নিহত সাইকেল আরোহীর নাম আলী হোসেন সুলতান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বৃহস্পতিবার বাস চাপায় তেহের আলি মণ্ডল নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি শেখপাড়া মণ্ডল পাড়ার মৃত জব্বার মণ্ডলের ছেলে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, বৃদ্ধ তেহের আলি মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
নীলফামারী:সৈয়দপুর-নীলফামারী রেলপথের খয়রাতনগর রেল স্টেশনের সন্নিকটে রেলক্রসিংয়ে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসে কাটা পড়ে বুধবার কনক কুমার পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত কনক কুমার সদরের সোনারায় ইউনিয়নের উত্তর মুসারত কুখা পাড়ার (পালপাড়া) মৃত জগদীশ চন্দ্র পালের ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বরূপকাঠি (পিরোজপুর):পিরোজপুরের স্বরূপকাঠিতে বুধবার মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। স্বরূপকাঠি-বরিশাল সড়কের অলংকারকাঠি নামক স্থানে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত নাজমুল, মিজান, হাফিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মাহেন্দ্র ড্রাইভার মিজান ও যাত্রী হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। বাকি কনক মণ্ডল, সামসুন্নাহার, লিজন ও অঙ্কিতা মিস্ত্রীকে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মুলাদী (বরিশাল):মুলাদীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় একজন নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুলাদী-মীরগঞ্জ সড়কে কাজিরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন সিকদার উপজেলার সদর ইউনিয়নের নয়ঘর গ্রামের হোসেন সিকদারের ছেলে।
পাঁচবিবিতে দুই লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বুধবার পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার চেঁচড়া গ্রামের তাসতা মিয়ার ছেলে। এ ছাড়া, একই সময় উপজেলার কাঁসড়া গ্রামের আব্দুর রশিদের ধানের জমি থেকে নাজু নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে। তার দুই চোখ তুলে নেয়াসহ মাথায় আঘাতের চিহ্ন ও গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। পাঁচবিবি থানার ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।