বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক র্যালি ও সমাবেশে বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হওয়া প্রায় এক কিলোমিটার দীর্ঘ র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক এবং সাংবাদিক সংগঠনসগুলোর প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এক শোক সমাবেশ করে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিলো এ দেশের মানুষের মুক্তি। তিনি সেটা করেছিলেন। তাই শোক দিবসে শুধু শোক জ্ঞাপন করবো না। বরং শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাবো।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এদিকে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।