জগন্নাথপুরে অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেফতার

 
সুনামগঞ্জের শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনায় বিপুল পরিমান অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 
 
তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল, ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, গ্রিল কাটার আধুনিক যন্ত্র, রামদাসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি আটক করা হয়। 
 
গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন- আনছার আলী উরফে কালা মিয়া (৩৫), মো. হেলাল মিয়া (৩০), আব্দুর রহিম (১৯), মাসুম আহম (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল আলম (২৬), লিকসন উরফে লক্ষনধর (২৮), নজির উদ্দিন (২০), মাসুক মিয়া (২২), নিজাম উদ্দিন (২৫), আনিছ মিয়া (৩২), রনি (২৯)। 
 
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন জানান, রাত সোয়া ১টায় উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের রাস্তায় সন্দেহ হলে একটি মাইক্রোবাসকে থামানো হয়। এসময় মাইক্রোবাসের ভেতরে থাকা ডাকাতরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। 
 
আটককৃত ডাকাতরা জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে এবং তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে