কুষ্টিয়ায় ‘প্রেমঘটিত’ বিরোধের জের ধরে শুভ মণ্ডল (১৩) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুভ লক্ষ্মীপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে ছাত্র শুভ মণ্ডলের সঙ্গে একই গ্রামের এক ছাত্রীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বেশ কয়েক দফায় শুভ ও তার পরিবারকে সতর্ক করা হয়। কিন্তু এরপরও তাদের সম্পর্ক চলতে থাকে।
রবিবার সকালে শুভ ওই ছাত্রীর বাড়িতে গেলে ওই ছাত্রীর বাবা ও চাচা লাঠি দিয়ে শুভকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শুভর দাদা আবুল হোসেন মণ্ডল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, প্রেমের সম্পর্কের বিরোধের জের ধরে স্কুলছাত্র শুভকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি