পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই শিশু সন্তানকে হত্যার পর মা বিষপানে আত্মহত্যা করেছেন।
উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনীয়া গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মা নাজমুন্নাহার লাইজু (২৫) ও দুই শিশু কন্যা মাইশা আক্তার (২) ও আট মাস বয়সী মাহিয়া আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে মা ও তার দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এ ঘটনার পর গৃহবধূর স্বামী স্কুল শিক্ষক মনিরুজ্জামান ফরিদ খান পলাতক রয়েছেন। ফরিদ হারজী নলবুনীয় গ্রামের বাহার আলী খানের ছেলে। তিনি উপজেলার গুদিঘাটা সরোজিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনয়িা গ্রামের ফরিদ খানের সঙ্গে উপজেলার তুষখালী গ্রামের আব্দুর রব তালুকদারের মেয়ে নাজমুন্নাহার লাইজুর বিয়ে হয়। এ দম্পতির মাইশা (২) ও মাহিয়া (৮ মাস) নামে দুই কন্যা রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। সম্প্রতি ফরিদ ও নাজমুন্নাহারের মধ্যে বিবাদ হলে তার শ্বশুর আব্দুর রব বাড়িতে এসে মিমাংসা করে দেন। রবিবার বিকেলে নাজমুন্নাহার তার দুই কন্যাকে বিষপানে হত্যা করেন। পরে তিনি নিজে বিষপান করে। ফরিদ স্কুল থেকে বাড়ি ফিরে তিনজনকে বিষপান অবস্থা দেখে চিৎকার করেন। পরে গ্রাম্য এক চিকিৎসককে খবর দিলে তিনি এসে তিনজনকে মৃত বলে জানান। পরে প্রতিবেশিরা থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা না অন্য কোনো ঘটনা আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি