বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না -----ভোলায় তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে মনোনয়ন ইজারাদার অর্থাত্ ঢাক এর মতো বিক্রি করেছে। বিএনপির যারা দক্ষ ছিল তাদেরকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। আমার মনে হয় আগামীতে বিএনপি দলটিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বিএনপি দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করে না। কর্মীরা নেতাকে বিশ্বাস করে না, এক নেতা অন্য নেতাকে বিশ্বাস করে না। এজন্যই দলটি আজ বিলীন হয়ে গেছে।

শুক্রবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ এই একটানা ১৫ বছর ক্ষমতায় কারো ওপর অত্যাচার করেনি। কোনো বিএনপির নেতা-কর্মীকে হয়রানি করেনি। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারেনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেরফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব প্রমুখ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।