দেবহাটার স্বতন্ত্র প্রার্থীর আটক সাত কর্মী-সমর্থককের মধ্যে পাঁচজন মুক্ত দুইজন কারাগারে

সাতক্ষীরার দেবহাটায় স্বতন্ত্র প্রার্থীর ৭ নেতা কর্মীকে আটক করার ঘটনায় দিনভর থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর শুক্রবার বিকাল ৩টায় আটক ৭ জনের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়ার পর তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এর আগে সকাল থেকে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স.ম গোলাম মোস্তফার সাত কর্মী-সমর্থককে আটক করার প্রতিবাদে তারা থানাও ঘেরাও করে সেখানে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। থানা ঘেরাও কর্মসূচিতে এ সময় অংশ নেন, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোন কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আটক সাতজনের মধ্যে পাঁচজনের নামে কোন মামলা না থাকায় যাচাই বাছাইা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং রাজু ও রায়হান নামের বাকী দুজনের নামে মামলা থাকায় তাদের চালান দেয়া হয়েছে।