জামালপুরের সরিষাবাড়ীতে উদ্ধারকারী দলের অবহেলায় বঙ্গ বাহাদুর নামে সেই হাতিটি নিস্তেজ হয়ে যাচ্ছে ।
সোমবার বঙ্গ বাহাদুর সারাদিন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে ছিল। কোন নড়াচড়া করেনি। হাতিটি কোন খাওয়া-দাওয়া করেনি।
গত রবিবার হাতিটি শিকল ছিড়ে পালানোর সময় দ্বিতীয়বারের মত ট্রাংকুলাইজড করা হয়। সকাল ৯টায় উদ্ধার কর্মীরা ট্রাংকুলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে । পরে উদ্ধার কর্মীরা গ্রামবাসীর সহায়তায় পিছনের দু‘পায়ে শিকল এবং মোটা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর হাতিটিকে মাটিতে শুয়ে ফেলার জন্য সারাদিন চেষ্টা করা হয়। এক পর্যায়ে সন্ধ্যার সময পায়ের ওপর বিশেষ শক্তি প্রয়োগ করে মাটিতে ফেলে দেয়া হয়।
এলাকাবাসী জানান, হাতিটি অযত্ন-অবহেলায় দিনের পর দিন দূর্বল হয়ে পড়েছে। সোমবার সারাদিন মরার মত মাটিতে পড়ে ছিল। একদম নড়াচড়া করেনি।
এদিকে হাতিটিকে আর কতদিন এভাবে রাখা হবে উদ্ধারকারী দলের কাছে প্রশ্ন করা হলে তারা বলেন, দুই একদিনের মধ্যে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পোষা হাতি এনে এই হাতিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৩ সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দল মাঠে থাকার কথা থাকলেও নিম্ন শ্রেণির ২-৩ জন কর্মী ছাড়া মাঠে ঊর্ধ্বতন কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। অনেকেই বলছেন হাতিটিকে নিয়ে উদ্ধারকারী দল বিপদে পড়েছে ।