ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো পাঁচ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। গত ৮ জুলাই বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার পর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে উপত্যকাটি। সরকারি হিসেবে তখন থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে মোট ৬৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার কাশ্মিরের দক্ষিণ ও মধ্যাঞ্চলে পৃথক দুই যায়গায় আন্দোলনকারীদের ওপর ভারতীয় বাহিনী গুলিবর্ষণ করে। এতে নিহত পাঁচ জন ছাড়াও আরো ৩১ জন আহত হয়েছেন।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বুদগাম জেলায় বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করা হলে চার জন নিহত হন। আরো ১৫ জন আহত হন সেখানে। আর দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলায় পুলিশের গুলিতে আহত অপর এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমএএস