কেক না কাটা খালেদা জিয়ার ‘রাজনৈতিক উদারতা’ নয়: প্রধানমন্ত্রী

 
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন না করাকে ‘রাজনৈতিক উদারতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, ছেলে কোকোর জন্মদিন পালন করতে পারবে না বলেই বিএনপি নেত্রী জন্মদিন পালন করেননি।
 
মঙ্গলবার রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন না করতে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের প্রেক্ষাপটে এবার বন‌্যা এবং সরকারি নির্যাতন-নিপীড়নকে কারণ দেখিয়ে কেক কাটেননি খালেদা। দিনটিতে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করেছে বিএনপি।
 
শেখ হাসিনা বলেন, যার জন্মদিন এই তারিখে না, শুধুমাত্র আমাদেরকে আঘাত দেয়ার জন্য, যেদিন আমরা শোকে কাঁতর, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি সেই ব্যথায় যেদিন ব্যথিত থাকি, সেদিন আরেকজন কেক কেটে সেজেগুজে জন্মদিন পালন করে।
 
তিনি আরো বলেন, ‘কালকে শুনলাম কেক যে কাটবেন না। এটাকে অনেকে রাজনৈতিক উদারতা হিসাবে দেখাতে চাচ্ছেন। আসল ঘটনা কী সেতো আমি জানি। ১২ আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন। কাজেই কোকোর জন্মদিন যেহেতু করতে পারবে না, সে মারা গেছে, তাই নিজেরটা করবে না। এটা হলো বাস্তব কথা।’ খবর বিডিনিউজের।

ইত্তেফাক/এএম।