যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন গ্রেফতার হওয়া অস্কার মোরেল (৩৫)। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও তারা মিঞাকে (৬৪)। এই ঘটনায় অস্কার মোরেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতে মোরেলকে শান্ত ও কম কথা বলতে দেখা গেছে। মোরেল স্বীকার করেছেন, হত্যার ঘটনার সময়কার ভিডিও ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেছে। তবে হত্যার সঙ্গে তিনি সম্পৃক্ত নন।
শনিবার নিউইয়র্কের কুইনসের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও তার সহকর্মী তারা মিঞাকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
ইত্তেফাক/এএসএস