ঐক্যফ্রন্ট থেকে বহিস্কৃত সাবেক ডাকসু ভিপি ও ছাত্রলীগ সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি বলেছেন, ঐক্যফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ার আমি একজন প্রতিনিধি। আমি আওয়ামী লীগ থেকে অন্যকোন রাজনৈতিক দলে যোগদান করিনি। আবার আওয়ামী লীগও আমাকে বহিস্কার করেনি। আমার শেষ অবস্থান ছিল আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। কাজেই আমি একজন বঙ্গবন্ধু অনুসারী। আমি আমার বিবেকের তাড়নায় এখানে এসেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো আমার পবিত্র দায়িত্ব। আমি মনে করি জাতীয় ঐক্যফ্রন্টের আরো যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারাও আগামীতে শপথ গ্রহণ করবেন। বঙ্গবন্ধুর সমাধিতেও আসবেন।
গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এরআগে টুঙ্গিপাড়া পৌঁছে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষরও করেন তিনি।