জাতীয় মত্স্য সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত এক সপ্তাহে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ১৮ টন জাটকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে প্রায় ৫৬ লাখ মিটার জাল। এছাড়া ১০৩টি মামলায় ১০৩ জনকে জেলে পাঠানো হয়েছে। জরিমানা আদায় হয়েছে প্রায় তিন লাখ টাকা। গতকাল শুক্রবার জাতীয় মত্স্য সংরক্ষণ সপ্তাহের শেষ দিনে মত্স্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমাপনী ও মূল্যায়ন সভায় এসব তথ্য জানানো হয়।
মত্স্য অধিদফতরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবল মনি বোস প্রমুখ।
উল্লেখ্য, গত ১৬ থেকে ২২ মার্চ সারাদেশে জাতীয় মত্স্য সংরক্ষণ সপ্তাহ-২০১৯ পালিত হয়। গত এক সপ্তাহে সারাদেশে এক হাজার ১২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরমধ্যে রাজধানীতে ১০টি অভিযানে ৬ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।