যশোরের চৌগাছা উপজেলায় শিশুর মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়দের খবরে উপজেলার জগদীশপুর তুলা বীজ বর্ধন খামারের পূর্ব পাশের একটি সিম ক্ষেত থেকে মাথা, একটি হাত ও একটি পা বিহীন লাশটি উদ্ধার করা হয়।
এদিকে লাশটি ১০ আগস্ট থেকে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মারুফ হোসেনের (১৩) বলে দাবি করছে মারুফের চাচা মোহাম্মদ আলী। মারফ স্বর্পরাজপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা মহিদুল ইসলাম তোতা মালয়েশিয়া প্রবাসী।
তিনি জানান, ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে 'স্বর্পরাজপুর বাজারে যাচ্ছি' বলে বাড়ি থেকে বের হয়ে মারুফ আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার মা আবেরুন্নেছা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শরীরের গঠনে এটা মারুফের লাশই বলা যায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি নিখোঁজ ওই মাদরাসা ছাত্রের কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেফাক/এএসএমইউ