পঞ্চগড়ের তেতুলিয়ায় বজ্রপাতে নিহত ২

জেলার তেতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। তারা এ সময় পুকুরে মাছ ধরছিল।

 
নিহতরা হলো, তীরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের তাহিরুল ইসলামের পুত্র আজিমুল ইসলাম (২৫) ও একই গ্রামের হায়দার আলীর পুত্র শাহরিয়ার (৯)। 
 
তেতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন জানান, ওই গ্রামের একটি পুকুরে এরা মাছ ধরছিল। হালকা বৃষ্টি শুরু হয়।
 
এসময় আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে এতে আজিমুল ও শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় একই গ্রামের সোবহানের পুত্র আলাল, আলালের পুত্র রুবেল ও প্রতিবেশি শাকিল।
 
তেতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বজ্রপাতে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ এএন