যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পার্বত্য গিরিপথে লাগা দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ওই এলাকার ৮২ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দাবানলের আগুন ইতিমধ্যে ৯ হাজার একর জমি গ্রাস করেছে। ক্যাজন পাস নামের ওই গিরিপথ এলাকাটিতে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ৭০০ দমকল কর্মী লড়াই করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের খরা-কবলিত পশ্চিমাঞ্চলে ধারাবাহিকভাবে দাবানলের সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে ওই এলাকার প্রায় তিন লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেস থেকে প্রতিবেশী অঙ্গরাজ্য নেভাডার লাস ভেগাসগামী মহাসড়কের পশ্চিমদিকের ঘন ঝোপঝাড়ে দাবানলের সূত্রপাত হয়। এতে মহাসড়কটির একপাশের কয়েকটি লেন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার প্রটেকশনের (ক্যাল ফায়ার)-এর কর্মকর্তা লিনি টোলমাচফ জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার কারণে রাইটউড এলাকার অধিবাসীদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাটি লস অ্যাঞ্জেলেস থেকে ১২০ কিলোমিটার পূর্বে আন্তঃরাজ্য ১৫ মহাসড়কের পাশে অবস্থিত। এলাকাটির ৮২ হাজার বাসিন্দার সবাইকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাটির বেশ কিছু ঘরবাড়ি দাবানলে পুড়ে গেছে, তবে তার সঠিক সংখ্যা জানাতে পারেননি ক্যাল ফায়ারের মুখপাত্র। দাবানলের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। -রয়টার্স
ইত্তেফাক/এমএএস