পদ্মা সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারে গতকাল শুক্রবার বসানো হয়েছে নবম স্প্যানটি। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ১৩৫০ মিটার দৃশ্যমান হলো। আর এ নিয়ে জাজিরা প্রান্তে আটটি স্প্যান বসানো হলো। আর সেতুর দক্ষিণ অংশে জাজিরা প্রান্তে এক সাথে ১২০০ মিটার দৃশ্যমান হলো। এর আগে মাওয়া প্রান্তে আরেকটি স্প্যান বসানো হয়।
শুক্রবার ভোর থেকে স্প্যান বসানোর কার্যক্রম শুরু করেন সেতু বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। সকাল সাড়ে আটটায় স্প্যানটি খুঁটিতে বসানো হয়। বুধবার ভাসমান ক্রেনের সাহায্যে মুন্সিগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরা প্রান্তের নাওডেবায় আনা হয়। বৃহস্পতিবারই স্প্যানটি পিলারে বসানোর কথা ছিল। কিন্তু ক্রেনে যান্ত্রিক ত্রুটি, নদীতে নাব্য সঙ্কট এবং খারাপ আবহাওয়ার কারণে স্প্যান বসানো কার্যক্রম একদিন পিছিয়ে যায়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ক্রেনের কিছু ত্রুটি ও আবহাওয়া জনিত কারণে বৃহস্পতিবার স্প্যান বসানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে স্প্যানটি পিলারে বসানো হয়। ওই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্তে এক সাথে ১২০০ মিটার দৃশ্যমান হলো।