ডিআরইউ’র সাবেক সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই বারের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম আনোয়ারুল হক (৬২) গতকাল শুক্রবার ভোরে ধানমন্ডিতে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা সমস্যায় ভুগছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে এম আনোয়ারুল হকের।

সাংবাদিকতা জীবনে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক, সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি মর্নিং সান, দ্য পিপলসহ বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন। কর্মজীবনে পরবর্তীতে তিনি বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন। তিনি  ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ২০০০ ও ২০০১ সালে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

গতকাল বাদ জুমা ধানমন্ডির সোবহানবাগ জামে মসজিদে মরহুমের প্রথম এবং পরে ডিআরইউ’তে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, রাজু আহমেদ, মুরসালিন নোমানী, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, নিউ এইজ সম্পাদক নূরুল কবির, বিএফইউজে নেতা শেখ মামুনুর রশীদ, ডিআরইউ যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগাঠনিক সম্পাদক আফজাল বারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আনোয়ারুল হকের প্রতি সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের নেতৃত্বে ডিআরইউ, দীপু সারোয়ারের নেতৃত্বে ক্র্যাব এবং নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিক্যাব শেষ শ্রদ্ধা নিবেদন করেন। নামাজে জানাজা শেষে রাজধানীর আজিমপুর নতুন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আনোয়ারুল হকের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্য নির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। দুই দিনের শোক ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আগামী ২৬ মার্চ বাদ আসর মরহুমের ধানমন্ডির ১৩ নম্বর রোডের আদেল স্কয়ারে নিজ বাসায় চেহলাম অনুষ্ঠিত হবে।