ব্রাহ্মণবাড়িয়ায় তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে বুধবার সন্ধ্যায় মনিরুজ্জামান হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত হৃদয় পৌর শহরের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের ব্লক সাধারণ সম্পাদক ও জেলা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি কালাইশ্রীপাড়ার নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় বুধবার রাত প্রায় ১১টার দিকে হৃদয়ের বাবা নজরুল ইসলাম খান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়, হৃদয় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় হৃদয় শহরের বিরাসার এলাকায় ফার্নিচার কারখানায় বাবাকে কাজে সহযোগিতা করে আসছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হৃদয় খাবার খেতে শহরের ফুলবাড়িয়াস্থ বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত নম্বর থেকে হৃদয় কান্নাজড়িত কণ্ঠে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায়। এ সময় অপহরণকারীদের একজন মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএসএমইউ