ঢাকা কলেজের অধ্যক্ষ তিন ঘণ্টা অবরুদ্ধ

 
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন মোল্লাকে তার কক্ষে তিন ঘণ্টা আটকে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগে নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়।
 
অধ্যক্ষকে আটকে রাখা সম্পর্কে নিউমার্কেট থানার ওসি বলেন, শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগকে দাওয়াত দেওয়া হয়নি। এইজন্য তারা ক্ষুব্ধ হয়ে এটি করেছে। কয়েক ঘণ্টা পরে সমঝোতা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।
 
সূত্রমতে, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, শিক্ষা সচিব সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান।
 
ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার নেতা হিরণ ভূঁইয়া অভিযোগ করেন, শোক দিবসের আলোচনায় বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন অধ্যক্ষ। সভার ব্যানারে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান লেখা ছিল না। অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি।