মণিরামপুরে বোমা তৈরিকালে বিস্ফোরণে যুবক জখম

যশোরের মণিরামপুর উপজেলায় বোমা তৈরির  সময় বিস্ফোরণে রাসেল বিশ্বাস (২০) নামে এক কারিগর মারাত্মক জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
শুক্রবার উপজেলার কাশিপুর কাঁঠালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিপুর কাঁঠালতলা বাজারের কাছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল বিশ্বাস বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটলে তার মুখমণ্ডলসহ সারা শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।
 
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ