গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে। কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানার ওসি আব্দুল মজিদ। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালে রেললাইনের মিস্ত্রী ইদ্রিস আলী কাজ করতে গিয়ে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে নরসিংদী ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই যুবকের এক হাত ও এক পা ট্রেনে কাটা পড়েছে। আর মাথা ফেটে গেছে। ধারণা করা হচ্ছে রাতে কোনো ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার পরনে ছিল কালো প্যান্ট, হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট। নরসিংদী সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে। পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।