ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় পেল ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আগামী সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস হলে সময় আরো বাড়ানো সম্ভব। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র দীর্ঘ দরকষাকষির পর ইইউ সময় বাড়াতে সম্মত হয়। ২৯ মার্চের মধ্যে ব্রেক্সিট কার্যকরের কথা ছিল। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ব্রেক্সিটের ভাগ্য ব্রিটেনের হাতে উল্লেখ করে বলেছেন, ব্রিটেন এখন চুক্তি করতে পারে, ‘নো ডিল’ চুক্তিও করতে পারে কিংবা আর্টিকেল ৫০ রদও করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মে সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। আগামী বুধবার পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে ফের ভোটাভুটি হতে পারে। -বিবিসি