লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এম. এ. নাঈম (৩২) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা ও তিন মাদকসেবীকে সাড়ে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ আদেশ দেন।
অর্থদণ্ডাদেশপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নাঈম সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মাস্টার সফিক উল্যার ছেলে। দণ্ডাদেশপ্রাপ্ত মাদকসেবীরা হলো, সদর উপজেলার চরচামিতা গ্রামের আব্দুর রহমান মুন্সির ছেলে রনি, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ইকবাল ও কালা মিয়ার ছেলে টিপু।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান জানান, নাঈম চিকিৎসক সেজে জকসিন বাজারে এন এস মেডিকেল হলে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। খবর পেয়ে তার চেম্বারে অভিযান চালিয়ে রোগী দেখা অবস্থায় তাকে আটক করা হয়।
অপরদিকে, উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়।