বর্শা নিক্ষেপে অলিম্পিক পদক জিতলেন সাবেক ক্রিকেটার

সুনেত্তি ভিলজোয়েন শুধু একজন অলিম্পিয়ানই নন, তিনি সাবেক টেস্ট ক্রিকেটারও! ২০০২ সালের মার্চে ভারতের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭টি ওয়ানডেও খেলছেন এই অলরাউন্ডার। 
 
তবে ৩৩ বছর বয়সী সুনেত্তি ক্রিকেটের জন্য নয়, এবার শিরোনামে এলেন অলিম্পিকে পদক জিতে। রিও গেমসের ত্রয়োদশ দিন ৬৪.৯২ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রৌপ্য জিতেছেন ভিলজোয়েন। ৬৬.১৮ মিটারে স্বর্ণ জিতেছেন ক্রোয়েশিয়ার সাড়া কোলাক। ২০১২ লন্ডন অলিম্পিকেও পদক জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন সুনেত্তি ভিলজোয়েন। কিন্তু অল্পের জন্য পারেননি। চার বছর পর রিও অলিম্পিকে আপে ঘুচালেন দক্ষিণ আফ্রিকান এই নারী, যিনি ২০০২ সালে হঠাৎ করেই ইতি টানেন ক্রিকেট ক্যারিয়ারের। এরপর নিজেকে দেশের সেরা বর্শাবিদ হিসেবে গড়ে তোলেন।  
 
তবে সুনেত্তিই প্রথম সাবেক ক্রিকেটার হিসেবে অলিম্পিকে পদক জেতেননি। ৯৬ বছর আগে সাবেক ক্রিকেটার হিসেবে পদক জিতেছিলেন জ্যাক ম্যাকব্রায়ান। ১৯২০ অলিম্পিকে হকি দলের সদস্য হিসেবে স্বর্ণ জিতেছিলেন ইংল্যান্ডের হয়ে এক টেস্ট খেলা ম্যাকব্রায়ান। তার আগে ১৯০৮ সালের অলিম্পিকে বক্সিংয়ে স্বর্ণ জেতেন ২৩টি টেস্ট খেলা জনি ডগলাস। এমনকি ইংল্যান্ডের হয়ে কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন ডগলাস।
 
ইত্তেফাক/এসএসএ