প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মা-বাবাকে সান্ত্বনা দিয়েছেন। আবরারের বাবা-মা গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাত্ করতে গেলে তিনি এ সান্ত্বনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী ও মা ফরিদা ফাতেমী গতকাল রাত সোয়া ৮টার দিকে গণভবনে যান এবং সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফিরাতও কামনা করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও আবরারের ভাই এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নদ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। ওইদিন রাতেই আবরারের বাবা গুলশান থানায় মামলা করেন। মামলার আসামি বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টানা দুদিনের বিক্ষোভে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবিতে নানা দাবি তুলে ধরেন। উত্তর সিটি করপোরেশন ও প্রশাসন সুপ্রভাত এবং জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিলের দাবির বিষয়ে আশ্বাস দিলে ২৮ মার্চ পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।