সুন্দরবনের পশ্চিম বন বিভাগে কোস্টগার্ড ও বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর মধ্যে 'বন্দুকযুদ্ধে' সুমন (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার খুলনা জেলার দাকোপ থানা এলাকার সুন্দরবনের বাইনতলা এলাকায়।
কোস্টগার্ড সূত্র জানায়, শরিবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা দাকোপ থানা এলাকার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাইনতলা এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ড সদস্যরাও বনদস্যুদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয় ।
ডাকাত দল সরে গেলে কোস্টর্গাড সদস্যরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন নামে বনদস্যু দলের এক সদস্যকে উদ্ধার করে। রাত ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির শনিবার রাত ৯টায় জানান, ক্রসফায়ারের কোন ঘটনা ঘটেছে কি না এবং কেউ নিহত হয়েছে কি না তা বলতে পারছেন না। তিনি বলেন, আমি ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছি।
কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্টাফ অফিসার (অপারেশন্স) লে. এম ফরিদুজ্জামান খান জানান।
ইত্তেফাক/এমআই