পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশে আটক আওয়ামী লীগ নেতা

পূর্ব ঘোষণা ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্র নিয়ে প্রবেশে মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক)। আটককৃত মুজিবুর রহমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। এ ছাড়া, তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বলে দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মুজিবুর রহমান। এসময় অ্যাভিয়েশন সিকিউরিটির এক সদস্যের তল্লাশিতে তার সঙ্গে পিস্তল ও ৩২ রাউন্ড গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। মুজিবুর রহমান পূর্ব ঘোষণা ছাড়াই অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরের চেকিংয়ে প্রবেশ করেন। তল্লাশিতে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। পূর্ব ঘোষণা না দেওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’