মেহেরপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

 
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে ভৈরব নদে ডুবে মারা গেছেন কলেজ ছাত্র নাজমুল হোসেন (২১)। আজ রবিবার সকাল সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে। হতভাগ্য নাজমুল হোসেন মোনাখালী গ্রামের মধ্যপাড়ার আব্দুল ওয়াদুদের ছোট ছেলে।
 
মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান- কলেজ ছাত্র নাজমুল হোসেন প্রাতঃ ভ্রমন শেষে সকাল সোয়া ৬ টার দিকে ভৈরব নদের মোনাখালী ব্রিজের নিচে গোসল করতে নামেন। এরপর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। 
 
স্থানীয়দের দেয়া তথ্যমতে, সকাল ৭ টার দিকে ওইস্থানে জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়। নাজমুল হোসেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। তার লাশ দাফনের প্রস্তুতি চলছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
 
 
ইত্তেফাক/এমআই