চায়ের দোকানের আড্ডায় জঙ্গির ক্লাস হতো

চায়ের দোকানে আড্ডার মাঝেই জঙ্গির ক্লাস নেয়া হতো। কারা কীভাবে ইসলামকে ক্ষতি করছে তা বোঝানো হতো। ইসলামের ক্ষতিকারকদের শাস্তি দিতে হবে বলে উৎসাহ দিতো।
 
রবিবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণের পর সাংবাদিক সম্মেলনে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ফখরুল আলম তুষার (২২) এসব কথা বলেন। তুষারের আত্মসমর্পণ উপলক্ষে পুলিশ সুপার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
সকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামানের উপস্থিতিতে হিযবুত তাহরীরের সাবাব সদস্য (প্রাথমিক) ফখরুল ইসলাম তুষার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তুষার যশোর শহরের আরবপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
 
মামাতো ভাইয়ের মাধ্যমেই এই ভুল পথে আসি এমন কথা জানিয়ে ফখরুল ইসলাম তুষার বলেন, 'দুই বছর আগে শহরের ধর্মতলা এলাকার চায়ের দোকানে আড্ডায় হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয় ঘটিয়ে দেয় তার মামাতো ভাই রায়হান আহমেদ। যে দশদিন আগে (১১ আগস্ট) হিজবুত তাহরীর সদস্য হিসেবে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
 
তিনি বলেন, 'চায়ের দোকানের আড্ডায় ২/৩ জন হিজবুত তাহরীর সদস্য তাকে ধর্মীয় নানা বিষয় সম্পর্কে তাদের ভাবনার কথা বলতো। ধর্মীয় সাধারণ বিষয়বস্তু নিয়ে কিছুদিন আলোচনার পর ইসলামী আইন কানুন সম্পর্কে তাদের মত করে ব্যাখ্যা করতো। তারা বলত ইসলামিক দৃষ্টিতে দেশ পরিচালিত হচ্ছে না। তারা ইসলামিক আইন রাষ্ট্র পরিচালনার কথা বলতো।'
 
তুষার তার ভুল বুঝতে পেরেছে বলে উপলব্ধি করে বলেন, 'তারা যখন এই সব বিষয় বলতে শুরু করলো, তখন আমি বুঝতে পারি তারা কোনো জঙ্গি দলের সদস্য। আমাকে ভুল বুঝিয়ে ভুল পথে নেয়ার চেষ্টা করছে। তাদের সাথে থেকে তাদের সদস্য হওয়ার ভুল বুঝতে পেরে আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি।'
 
ফখরুল আলম তুষার বলেন, 'এসব সংগঠন যেসব কথা ইসলামের নামে বলে তা সঠিক নয়। ইসলামের সাথে এর কোনো সংযোগ নেই।' তাই তার মত যারা ভুল পথে আছেন তাদেরকেও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে ডিআইজি মনির-উজ-জামান বলেন, ভুল বুঝতে পেরে তুষার স্বাভাবিক জীবনে ফিরতে চায়। ঘোষণা অনুযায়ী যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় আমরা তাদের অপরাধের ধরণ বিশ্লেষণ করে আইনি সহায়তা প্রদান করবো।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ও নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। এর আগে গত ১১ আগস্ট যশোর পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি মনির-উজ-জামানের উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল।-বাসস।
 
ইত্তেফাক/এসএস