কুমিল্লায় মাদকদ্রব্যসহ এক কোটি টাকার মালামাল আটক

কুমিল্লায় এক কোটি টাকার মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করা হয়েছে। জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে শনিবার দিবাগত রাতে এবং রবিবার সকালে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এসব মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করে। রবিবার বিকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
 

 
জানা যায়, বিজিবির একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার হারিসর্দার এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ইয়াবাসহ ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাসেল মিয়াকে (৩৩) আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া রবিবার সকালে ওই উপজেলার মীরশ্বানী বাজার থেকে বিপুল পরিমান ভারতীয় কাপড় আটক করা হয়।
 
একই দিন বিজিবির একাধিক দল জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজা, হুইস্কি, টার্গেট ট্যাবলেট, স্টেরয়েড ট্যাবলেট, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করে।
 
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ১ কোটি ২ লাখ ২০ হাজার ৩শ টাকা। বিকালে এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন