সকাল থেকে বৃষ্টি ও পান্থপথের বসুন্ধরা শপিং মলে আগুন লেগে যাওয়ায় রাস্তা বন্ধ ঢাকা একরকম স্থবির হয়ে গেছে। দুইয়ে মিলে রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজটে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
রবিবার বেলা সাড়ে ১১টার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ৬ তলায় জুতার দোকান ‘এমএস শুজ’-এ লাগা আগুন ৬, ৭ ও ৮ নম্বর ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছে। আর এর ফলে শপিং মলের সামনের কাওরান বাজার থেকে কলাবাগান যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেয়া হয় যার চাপ পড়ে পুরো মহানগরীর ট্রাফিক ব্যবস্থায়। ১২টার পর থেকে রাজধানীর মোহাম্মদপুর, আসাদ গেইট, খামারবাড়ি, বিজয় সরণি, জাহাঙ্গীর গেইট, মহাখালী, আমতলী হয়ে গুলশান-১ পর্যন্ত যান চলাচল রীতিমতো স্থবির হয়ে যায়।
বিগত সাত ঘণ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসায় কাওরানবাজার-কলাবাগান রাস্তাটি চলাচলের জন্য খোলা হয়নি। এছাড়া সকাল থেকে বেশ কয়েক বার প্রবল বৃষ্টি হয়েছে। যার প্রভাবে নিয়মিত যানজটের চেয়েও বেশি সময় ট্রাফিক সিগনালে কাটাতে হচ্ছে সারাদিন অফিস শেষে ঘরে ফেরা মানুষদের।
ডিএমপি ট্রাফিক কন্ট্রোলের অপারেটর সুমাইয়া আহমেদ ইত্তেফাককে বলেন, বৃষ্টি ও বসুন্ধরার আগুনের ঘটনায় নগরের ট্রাফিক জ্যামে বাড়তি চাপ পড়েছে। তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
ইত্তেফাক/এসএসএ