গাইবান্ধায় ১৫ দোকান পুড়ে ছাই

গাইবান্ধা শহরের ডিবি রোডে ১নং রেলগেট এলাকায় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে কমপক্ষে কোটি টাকা ক্ষতিসাধণ হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
 
রাত থেকে সকাল ১১টা পর্যন্ত শহরে বিদ্যুৎ ছিল না। ফলে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শী ও গাইবান্ধা ফায়ার সার্ভিস। 
 
তারা আরো জানান, ধারণা করা হচ্ছে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে শত্রুতাবশত কিংবা দূর্বৃত্তদের দেয়া আগুনেও এ ঘটনা ঘটতে পারে।   
 
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, আগুনে মোটরসাইকেল, খুচরা যন্ত্রাংশ, মনিহারী, খাবার হোটেল, লন্ড্রিসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ১৫টি দোকান ঘর পুড়ে যায়। গাইবান্ধা ও গোবিন্দগঞ্জের দু’টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুনের সূত্রপাতের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির কোন হিসাব তারা জানাতে পারেননি।
 
আগুনে ক্ষতিগ্রস্ত অটো কর্নারের মালিক টিপু মিয়া জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। সকালে দোকানে হঠাৎ করে আগুন লাগার খবর পান। আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের বেশ কিছু দামি মোটরপার্টস পুড়ে যায়। তবে কত টাকা ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তিনি জানাতে পারেননি। IMG0
 
জিনিয়াস কম্পিউটারের মালিক মিলন মিয়া জানান, আগুনের ঘটনায় তার দোকানে থাকা কম্পিউটার ও কম্পিউটারের বেশ কিছু পার্টস পুড়ে ছাই হয়ে যায়।
 
আগুনের ঘটনার সময় জেলা প্রশাসক আবদুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। 
 
 
 
ইত্তেফাক/এমআই