চীনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সিরীয় বালক ওমরানের ভিডিও-র যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভিডিওটি ভুয়া হতে পারে এই অনুমান উল্লেখ করে বলা হয়, এটি পশ্চিমা বিশ্বের একটি ‘অপপ্রচার যুদ্ধের’ অংশ হতে পারে।
ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া একটা ভিডিওতে চার বছরের শিশু ওমরানকে রক্তাক্ত ও ধুলোবালি মাখানো অবস্থায় দেখা যায়। গত সপ্তাহে আলেপ্পোতে বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এটি হচ্ছে সিরিয়া যুদ্ধের প্রকৃত ‘মুখাবয়ব’। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারকে বেইজিং সমর্থন করে। আসাদ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। সিরিয়া ও রাশিয়া আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায়।
চীনের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি সপ্তাহান্তের একটি প্রতিবেদনে ওমরানের ভিডিও’র ব্যাপারে প্রশ্ন তুলেছে। মর্মান্তিক এ ভিডিও ফুটেজটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে। শনিবারের ওই প্রতিবেদনে ভিডিও ফুটেজের সমালোচনায় বলা হয়, এটি অপপ্রচার যুদ্ধের অংশ। এর মাধ্যমে সিরিয়া যুদ্ধে পশ্চিমা বিশ্বের দেশগুলোর জড়িয়ে পড়ার ‘মানবিক’ অজুহাত খোঁজা হচ্ছে । এএফপি।
ইত্তেফাক/এসএসএ