ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন সোমবার থেকে শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
এ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ছয় হাজার ৮০০টি। এর মধ্যে ক ইউনিটে এক হাজার ৬৮০, খ ইউনিটে দুই হাজার ২৪১টি, গ ইউনিটে এক হাজার ১৭০, ঘ ইউনিটে এক হাজার ৪৪০ এবং চ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ছয় হাজার ৬৫৫টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার সকালে কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করে ভিসি বলেন, এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইন্সটিটিউটে আসন বৃদ্ধি করায় মোট আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র/ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।
ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। খ ও চ ইউনিটের প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ক, গ ও ঘ ইউনিটের প্রবেশ পত্র ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে। বিস্তারিত তথ্য ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) রয়েছে।