তুরস্কে রূপান্তরকামী নারীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

তুরস্কের ইস্তাম্বুলে রূপান্তরকামী নারী ও এলজিবিটিআই (লেসবিয়ান,  গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স) কর্মী হান্দে কাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ পালিত হয়েছে।
 
রবিবার ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে এ বিক্ষোভ পালিত হয়। এতে  দুই শতাধিক মানুষ অংশ নেয়। ৮ আগস্ট ইস্তাম্বুলের একটি জঙ্গলে হান্দে কাদেরের লাশ পাওয়া যায়। সর্বশেষ জুলাই মাসের শেষ দিকে কাদেরকে একটি গাড়িতে মক্কেলের সঙ্গে দেখা গিয়েছিল। কাদের একজন যৌনকর্মী হিসেবে কাজ করত। জুন মাসে ইস্তাম্বুলে সমকামীদের সমাবেশ বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে জলকামান ও দাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে রাতারাতি আলোচনায় আসে কাদের।
 
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২২ বছরের কাদেরকে হত্যার আগে ভয়াবহ নির্যাতন করা হয়। হত্যার পর পরিচয় নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত এ হত্যায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা ‘হান্দে কাদেরের জন্য ন্যায় বিচার’, ‘বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই’ লেখা প্ল্যাকার্ড বহন করে। এ সময় দাঙ্গা পুলিশ তাদের ঘিরে রাখে।
 
ইস্তাম্বুলের এলজিবিটিআই সংহতি পরিষদের মুখপাত্র এব্রু কিরানচি বলেন, ‘হান্দে কাদেরের হত্যাকারী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আমরা থামব না।’ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তুরস্কে ৪১ জন এলজিবিটিআই সম্প্রদায়ের মানুষ খুন হয়েছে। বিশ্বে এ সংখ্যাই সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে আছে ইতালি। সেখানে ৩৩ জন খুন হয়েছে।