ব্রাহ্মণবাড়িয়ায় ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 
 
নিহত রহিজ মিয়া (৪৮) আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের বাসিন্দা। 
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাতে কসবার কোনাবাড়ী এলাকায় মাদক বেচাকেনা চলার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে টহলে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রহিজ মিয়া নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
 
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, ১০০ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস