বিরল রোগ নিয়ে ‘বৃক্ষমানব’ নাম পাওয়া আবুল বাজানদারের মতোই একই রোগে ভুগছে ঠাকুরগাঁয়ের শিশু রিপন। রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আট বছর বয়সী এই শিশুকে।
চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে তার রোগটিও এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফারমিস বলে তাদের ধারণা।
হাতে-পায়ে ১০ কেজি ওজনের আঁচিল নিয়ে সবার কাছে ‘বৃক্ষমানব’ নাম পেয়েছিলেন খুলনার ২৫ বছর বয়সী আবুল বাজানদার। প্রায় ১৫টি অপারেশনের পর এখন তিনি অনেকটাই সুস্থ্।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটির সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে রিপনও আবুল বাজানদারের মতো এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরুসিফারমিস’ রোগে আক্রান্ত।
তার রোগটি প্রাথমিক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “আশা করছি আবুল বাজানদারের মতো এত সময় লাগবে না। বাজানদারের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে এই শিশুটির ক্ষেত্রেও সেসব ব্যবস্থা নেওয়া হবে।”
রিপনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হবে জানিয়ে সামন্ত লাল বলেন, তবে বাচ্চাটি অনেক দুর্বল; পুষ্টিহীনতা রয়েছে।