ফুলবাড়ীতে যৌতুকের বলি নয়নী রানী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবীতে গৃহবধু নয়নী রানীকে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘরের ভেতর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার করে তার পাষণ্ড স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন। নয়নী রানীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড, গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
 
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের তিনকোনা মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নয়নীর পিতা নরেন চন্দ্র, বড়বোন শ্যামলী রানী, বড়ভাই সুভাষ চন্দ্র, ফুলবাড়ী ডিগ্রী কলেজের পরিদর্শক ফুলবর রহমান প্রমূখ।
নয়নী রাণীর বাবা নরেন চন্দ্র সমাবেশে অভিযোগ করে বলেন, দুই বছর আগে উপজেলার রাবাইতারী গ্রামের মৃত প্রসন্ন চন্দ্রের পুত্র অতুল  চন্দ্রের (২৫) সঙ্গে নয়নী রানীর(২২) বিয়ে হয়। বিয়ের সময় চুক্তি অনুযায়ী যৌতুক পরিশোধ করতে ও অতিরিক্ত যৌতুকের জন্য প্রায় নয়নীর ওপর শারিরিক নির্যাতন করতো তার স্বামী অতুল চন্দ্র।
 
গত সোমবার সকালে একই কারনে নির্যাতনের এক পর্যায়ে নয়নী মারা গেলে পরনের শাড়ী গলায় পেঁচিয়ে ঘড়ের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালায় এবং ডায়েরি করার জন্য থানায় যায়। তখন পুলিশ তাকে আটকে রাখে।
 
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তারপর থানায় অপমৃত্যু মামলা হলে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএন