নন্দীগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ল ৮০ মণ ধান

নন্দীগ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষকের ৮০ মণ ধান ও ২১টি খড়ের পালা পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি সংলগ্ন খোলায় এ ঘটনা ঘটে। কৃষক মোসলেম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ জানান, কে বা কারা শত্রুতা করে এ অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে গেছে প্রায় ২০০ বিঘা জমির ধানের খড় ও ৮০ মণ ধান। আগুনে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।