বগুড়ায় দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও চাপাতিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অপরদিকে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে শাজাহানপুর উপজেলার মাসিন্দা মিয়াপাড়ায় অভিযান চালিয়ে জনৈক শাজাহানের চায়ের দোকানের সামনে থেকে ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলো, উপজেলার শান্তিয়ারা পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে রসেদ আলী ওরফে অসেদ (৩০), কড়িআনজুল দক্ষিণপাড়ার রিয়াছ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮), মৃত আনি আলীর ছেলে আতাউর রহমান (৩০), শান্তিয়ারা দক্ষিণপাড়ার সোলেমান ফকিরের ছেলে মানিক মিয়া (৩৬) ও একই গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ২৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পয়েন্ট ৩০৩ রাইফেলের গুলি এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় বিশ্বরোডের পার্শ্বে জনৈক দুলাল হোসেনের মুদির দোকানের সামনে থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আকবর ওরফে বেটা আকবরকে (৪৪) গ্রেফতার করে। সে খুলনা জেলার দিঘলীয়া উপজেলার সেনহাটি এলাকার মৃত কাজী রফিক উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে চট্রগ্রাম মেট্রোপলিটন এর পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে ৩টি এবং একটি ডাকাতির মামলা রয়েছে।
ইত্তেফাক/এএন