খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে একটি নতুন স্কুল (অনুষদ) ও দুইটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে।
আইন স্কুল নামে এ নতুন স্কুলের অধীনে আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীনে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুইটি ডিসিপ্লিন চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই এ স্কুল ও ডিসিপ্লিনে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন এ দুইটি ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০টি করে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ ছাড়া স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে ৫টি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ২টি আসন বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১ হাজার ২১০টি এবং ডিসিপ্লিনের সংখ্যা ২৮টিতে উন্নীত হবে। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেজিস্ট্রার অফিস থেকে জানা গেছে।
এদিকে, আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি